নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন ভুক্তভোগী পরিবারের সদস্যের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রথম ধাপে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের মধ্যে ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী নিজে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা রয়েছেন।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমের হাতেও নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার আশ্বাস দেন। তিনি বলেন, গুমের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের পরিবারের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে এবং তাদের ত্যাগের লক্ষ্য বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানে নিয়োগ পাওয়া পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন।