ঝালকাঠিতে বিএনপির চার অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রাজু তালুকদার:

ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, মৎস্যজীবী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও ওলামা দল-এর জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। দেশে নৈরাজ্য সৃষ্টি, অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় বলে আয়োজকরা জানান।

মিছিলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে বাজার রোড ও থানা রোড প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ঝালকাঠি জেলা শাখার সভাপতি বাচ্চু হাসান খান, মৎস্যজীবী দল ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মো. শহীদুল্লাহ।

এ ছাড়া বক্তব্য দেন জাসাস ঝালকাঠি জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও ৯ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইদুর রহমান।

বক্তারা বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *