গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জেরে স্বপন হত্যা, মামলায় ৩৪ আসামি, নারী আসামি নিয়েও আলোচনা

মোশাররফ হোসেন জসিম পাঠান:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্বপন মিয়া হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩৪ জনকে আসামি করা হয়েছে। মামলায় একাধিক নারী আসামি থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুখুরিয়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মো. স্বপন মিয়ার সঙ্গে একই গ্রামের জয়নাল আবেদীনের পক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ১৫ নভেম্বর স্বপন মিয়া প্রয়োজনে মুখুরিয়া বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়। এ সময় স্বপন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে স্বপন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত স্বপন মিয়ার ভাই মো. সাইফুল ইসলাম ভজন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষের মো. সিদ্দিকুর রহমানসহ ৩৪ জনকে আসামি করা হয় বলে জানা গেছে।

মামলায় নারী আসামি, এলাকাজুড়ে আলোচনা

মামলায় একাধিক নারীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে পুরো গ্রাম ও আশপাশের এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য সরেজমিনে মুখুরিয়া গ্রামে যান। এ সময় তাঁরা গ্রামবাসী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বপন মিয়া হত্যার ঘটনা সত্য। তবে বাজারে সংঘটিত ওই ঘটনার মামলায় নারীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।

উল্লেখিত মামলার নম্বর ৩১১ এবং সিআর নম্বর ১৮৭৫ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা

মামলার আসামিপক্ষ, গ্রামের সচেতন মহল ও সাধারণ জনগণের একাংশ এ বিষয়ে জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন। তাঁদের দাবি, মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ এবং মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *