গ্যাস সংকটে খাগড়াছড়িতে ফিলিং স্টেশন বন্ধ, দীর্ঘ লাইনে যানবাহন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে অটোগ্যাসের সরবরাহ কমে যাওয়ায় গ্যাসচালিত যানবাহনের চালকদের ভোগান্তি বেড়েছে। সদর উপজেলার জিরোমাইল এলাকার বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনে গ্যাসের মজুত শেষ হয়ে যাওয়ায় গতকাল সকাল থেকে বিক্রি বন্ধ রয়েছে। ফলে জেলার একমাত্র চালু থাকা ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস সংগ্রহ করতে না পেরে দুর্ভোগে পড়ছেন চালকেরা। একই সঙ্গে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জ্বালানি সংগ্রহ নিয়েও ভোগান্তি তৈরি হয়েছে।

হেলথ কেয়ার হসপিটালের অ্যাম্বুলেন্সচালক মো. উমর ফারুক বলেন, রোগী নিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনে গিয়ে দেখেন সেখানে গ্যাস নেই। অন্য একটি ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও সেখানে দীর্ঘ লাইন রয়েছে। এ কারণে রোগীকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে পাঠাতে হবে।

খাগড়াছড়ি ফিলিং স্টেশনের কর্মী অনুপ চক্রবর্তী বলেন, তাদের স্টেশনে থাকা গ্যাস শনিবার বিকেলেই শেষ হয়ে যাবে। তবে পরবর্তী চালান কবে আসবে, তা তিনি জানাতে পারেননি।

অন্যদিকে, জিরোমাইল এলাকার বিএম অটো গ্যাস ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আকরাম বলেন, গতকাল থেকেই স্টেশনের গ্যাস শেষ হয়ে গেছে। এ কারণে বিক্রি বন্ধ রাখা হয়েছে। কবে আবার গ্যাস সরবরাহ পাওয়া যাবে, তা তিনি জানেন না।

গ্যাসের সরবরাহ কম থাকায় জেলার বিভিন্ন গ্যাসচালিত যানবাহনকে জ্বালানি সংগ্রহে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে একটি স্টেশনে সরবরাহ সীমিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ বলেন, খাগড়াছড়িতে গ্যাসের সংকট রয়েছে কি না, তা তিনি খতিয়ে দেখবেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *