বিশেষ প্রতিনিধি:
কোটি টাকার ঘুষ বাণিজ্য, দালালদের দৌরাত্ম্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (৬ সেপ্টেম্বর) দুদকের ঢাকা প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।দুদক জানায়, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন, জমির শ্রেণি পরিবর্তনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি চালানো হয়। অভিযানে প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক তানজির আহমেদ।অভিযোগ সূত্রে জানা গেছে, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০টি দলিল রেজিস্ট্রি হয়। অভিযোগ রয়েছে, এসব কাজে প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়। ঘুষের একটি বড় অংশ কয়েকজন অসাধু সাবরেজিস্ট্রারের কাছে যাওয়ার পর বাকি অর্থ দালাল, পিয়ন, অফিস সহকারী, মোহরার, এক্সট্রা মোহরার ও নকলনবিশদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়।এ ছাড়া ভুয়া নামজারিসহ বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে জমি রেজিস্ট্রির অভিযোগও রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।