মোঃ রাসেল:
কর্তৃপক্ষের কড়া নির্দেশনার পরও কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে প্রায় ২ কিলোমিটার সড়কের উন্নয়নকাজে কোনো গতি ফেরেনি। ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় এবং সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা-মাটিতে একাকার হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকন এন্টারপ্রাইজকে জনবল বাড়িয়ে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা ও স্কুলশিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “এই সড়ক দিয়ে এখন আসা-যাওয়ায় আমাদের চরম কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা-মাটি জমে আর চলাচল করা সম্ভব হয় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার যেখানে-সেখানে বড় বড় গর্ত করে ফেলে রেখেছে। বৃষ্টির কারণে সেসব গর্তে পানি ও কাদা জমে এখন মরণফাঁদে পরিণত হয়েছে।”
শিক্ষার্থীরা আরও জানায়, সামান্য বৃষ্টির দিনে এই কাদা মাখিয়ে এবং বিপজ্জনক গর্তগুলো এড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। এছাড়া কাদার কারণে জরুরি কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার মতো বিকল্প কোনো ব্যবস্থাও নেই।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, শুধু মুখের নির্দেশনা নয়, অনতিবিলম্বে মাঠপর্যায়ে কাজ শুরু করতে হবে। তারা এই চরম জনদুর্ভোগ নিরসনে জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।