মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের সমর্থনে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উজানটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফোরকানের দোকান সংলগ্ন ইউনিয়ন ভূমি অফিস মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
উজানটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল শরিফের সভাপতিত্বে এবং সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জনগণের রায়ে নির্বাচিত হলে উপকূলীয় অঞ্চলে উৎপাদিত লবণের ওপর দীর্ঘদিন ধরে চলমান সিন্ডিকেট ভেঙে দিয়ে লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। একই সঙ্গে উপকূলবাসীর জানমাল রক্ষায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করে বেকারত্ব দূর করা হবে এবং ব্যবসার বহুমুখীকরণের মাধ্যমে জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দখলবাজদের অত্যাচারে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে আমরা দায়িত্ব পেলে দখলবাজদের দৌরাত্ম্যের অবসান ঘটিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। কোনো মানুষ আর ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে না।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দীন, জেলা জামায়াতের শুরা সদস্য ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এ এইচ এম বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, বাইতুলমাল সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, মোহাম্মদ দিদারুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আরিফুল ইসলাম এবং পেকুয়া উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রশিদ।
পথসভায় স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।