মোঃ রাসেল:
বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে গাছ পাচারের ভিডিও ধারণ ও বন বিভাগকে তথ্য দেওয়ায় দুই সাংবাদিককে পথরোধ করে হেনস্তা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার সরই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আজিজুল হাকিম তুহিন (৩৩) বাদী হয়ে গতকাল রাতে লামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দৈনিক সমাচার পত্রিকার স্থানীয় প্রতিনিধি। অপর ভুক্তভোগী সাংবাদিক হলেন মোঃ রাসেল (৩০)। অভিযোগে সরই বাজার এলাকার বাসিন্দা মোঃ মঞ্জুর (৪০)-সহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় অবৈধভাবে গাছ পাচার করছিলেন। বিষয়টি নজরে এলে সাংবাদিক আজিজুল হাকিম তুহিন নিজ মুঠোফোনে গোপনে ভিডিও ধারণ করেন এবং প্রমাণ হিসেবে সরই বন বিট ক্যাম্পের কর্মকর্তা মোঃ মিজানুর রহমানকে তা পাঠিয়ে অবহিত করেন। এর জের ধরে বিকেল চারটার দিকে তুহিন ও রাসেল মোটরসাইকেলে করে সরই বাজার এলাকায় যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধভাবে তাঁদের গতিরোধ করেন।
একপর্যায়ে হামলাকারীরা জোরপূর্বক তুহিনের মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে লক খুলতে বাধ্য করেন এবং ধারণকৃত ভিডিওগুলো মুছে ফেলেন। এ সময় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ভবিষ্যতে সরই বাজার বা আশপাশের এলাকায় দেখা গেলে কুপিয়ে জখম ও খুন করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক আজিজুল হাকিম তুহিন বলেন, পেশাগত দায়িত্ব ও একজন সচেতন নাগরিক হিসেবে বন বিভাগকে তথ্য দেওয়ায় তাঁদের ওপর এ হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। বর্তমানে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে সরই বন বিট ক্যাম্পের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের কাছ থেকে অবৈধ গাছ পাচারের ছবি ও তথ্য পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ মঞ্জুরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
লামা থানার পরিদর্শক (তদন্ত) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাংবাদিকদের হেনস্তা ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’