কামরুল:
চট্টগ্রাম নগরীতে পুলিশের সরকারি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনকালে দুপুরের খাবার খেতে গিয়ে গাড়ি রেখে রেস্টুরেন্টে প্রবেশ করেন হালিশহর থানার কয়েকজন পুলিশ সদস্য। এ সুযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি পুলিশের সরকারি গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের বিশেষ অভিযান ও সমন্বিত তৎপরতায় গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নগরীর ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সসংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা সরকারি গাড়ি (সিএমপি গাড়ি নম্বর-১৮০) রেস্টুরেন্টের সামনে রেখে দুপুরের খাবার খেতে ভেতরে প্রবেশ করেন। খাবার শেষে বাইরে এসে তাঁরা দেখতে পান, নির্ধারিত স্থানে গাড়িটি নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তী সময়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর আনুমানিক ২টা ৪৩ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যায়।
বিষয়টি জানার পর হালিশহর থানা পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিকভাবে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করে। পুলিশের তৎপরতা ও সমন্বিত অভিযানের ফলে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হালিশহর থানা এলাকা থেকে চুরি যাওয়া সরকারি গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের বিশেষ আভিযানিক দল অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় এলাকা থেকে ঘটনার প্রধান আসামি হিসেবে চিহ্নিত রুবেল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে পুলিশের সরকারি গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরকারি গাড়ি চুরির ঘটনা নিয়ে সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশের দ্রুত তৎপরতায় গাড়িটি উদ্ধার এবং একজনকে গ্রেপ্তারের বিষয়টি এ ঘটনায় তদন্তের অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।