নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে মিছিলটি বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলের একটি ভিডিওতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিলে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিসংবলিত ব্যানারও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা থাকায় একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে এগিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে মিছিল শেষ করে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান।
এদিকে মিছিলের বেশ কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আসিফ তুষারের নেতৃত্বে কয়েকজনকে স্লোগান দিতে এবং অন্যদের তার সঙ্গে মিছিলে অংশ নিতে দেখা যায়।
মিছিলের বিষয়ে জানতে চাইলে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, এ ধরনের কোনো মিছিলের বিষয়ে তিনি কিছু জানেন না।