কামরুল ইসলাম:
চট্টগ্রামে ভেজাল, পচা-বাসি ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ১৯টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর চকবাজার বালি আর্কেড, লালখান বাজার এবং চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে। একই অভিযানে একটি মশলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকপক্ষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালত চট্টগ্রাম মহানগরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। অভিযানে পচা-বাসি উপকরণ সংরক্ষণ, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের ঘটনায় সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে ১৯টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
মহানগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে ১৯টি খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে লালখান বাজারের হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারিতে আগের তুলনায় পরিবেশের দৃশ্যমান উন্নতি দেখা গেলেও বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে মানহীন ঘি দিয়ে মিষ্টি তৈরি, মান নিয়ন্ত্রণ ছাড়াই টোস্ট-বিস্কুট বিক্রি, স্যাঁতসেঁতে মেঝে এবং অপরিষ্কার পাত্রে ছানা প্রক্রিয়াকরণের অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটির কিছু অংশে তেলাপোকার উপস্থিতিও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই অভিযানে পচা আলু ও পচা মাংস ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অভিযোগে হোটেল-রেস্তোরাঁ আইনে কেএফসি-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম আরও বলেন, চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার জসিম মশলা মিলে আরও গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া যায়। সেখানে কাঠের গুঁড়া মিশিয়ে মশলা তৈরি, অননুমোদিত রং ব্যবহার এবং নোংরা ও পচা মরিচ দিয়ে মশলা তৈরির প্রমাণ পাওয়া গেছে বলে তিনি জানান।
এ ছাড়া অভিযানের সময় সরকারি কাজে সহযোগিতা না করার অভিযোগও ওঠে জসিম মশলা মিলের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। পরে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে নগরীর বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রমের নানা অনিয়ম পরিদর্শন করা হয়। অভিযানে যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিচারিক কার্যক্রমের মাধ্যমে জরিমানা করা হয়েছে।