চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান

মনির হোসেন:

চাঁদপুর জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। অভিযানে চাঁদপুর-কুমিল্লা সড়কের প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

রোববার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী।

অভিযানকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশে, ওয়ারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি সংলগ্ন, ওয়ারলেস সবজির বাজার, গোশতের বাজার, ওয়ারলেস মোড়ের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, “এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। আজ (রোববার) জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে।”

তিনি আরও বলেন, “এর আগে সড়ক বিভাগ থেকে এসব এলাকায় নোটিশ দেওয়া হয় এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়।”

“তবে উচ্ছেদের পর যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের একটি তালিকা করা হবে। তাদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”

তবে ওয়ারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস বলেন, “এই জায়গা সড়কের। সড়ক বিভাগের লোক এসে উচ্ছেদ অভিযান চালিয়েছে। কিন্তু বহু বছর ধরে এই বাজার ইজারা দিয়ে আসছে চাঁদপুর পৌরসভা। ইজারাদার নিয়মিত খাজনাও উঠাচ্ছে।”

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “সড়কের দুই পাশে আমাদের কিছু নিয়মিত বাজার আছে, সেগুলো ইজারা হয়। এসব বাজারে হাটের দিন কৃষক ও সাধারণ মানুষ হাতে করে নিয়ে এসে বিভিন্ন জিনিস বিক্রি করে। তারা সড়কের জায়গা দখল করে না।”

“কিন্তু কিছু ব্যবসায়ী আছে, যারা অবৈধভাবে দোকান বসিয়ে নিয়মিত ব্যবসা করছে। অভিযানে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *