চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ এবং ২০ বোতল বিদেশি মদ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সতেরো রশিয়া চামা গ্রামের একটি আমবাগান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকার একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা পড়ে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান পরিচালনা করে দলটি।

অভিযানকালে সাক্ষীদের উপস্থিতিতে প্লাস্টিকের বস্তাগুলো তল্লাশি করা হয়। তল্লাশিতে ৯৮ বোতল কফ রিলিফ, ৯৬ বোতল ফায়ারডিল সিরাপ, ১২ বোতল ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা এবং ৮ বোতল রয়্যাল স্ট্যাগ সুপিরিয়র হুইস্কি উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২১৪ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। ফলে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *