নিজস্ব প্রতিবেদক:
বিএনপি জনগণের দল এবং জনগণের সঙ্গে দলটির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, বিএনপি কোনো ‘খুচরা দল’ নয়, এটি জনগণের সঙ্গে সম্পর্ক থাকা একটি রাজনৈতিক দল। তিনি দাবি করেন, বিএনপি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা চায় না এবং বিরোধী দলে থাকাকালে দলটি মারামারি বা অস্ত্র হাতে নেওয়ার রাজনীতি করেনি।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার ছেলে তারেক রহমান বর্তমানে রাষ্ট্রক্ষমতায় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। আবদুস সালামের ভাষ্য, বিএনপি কোনো ব্যক্তি বা বিদেশি শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় আসেনি; জনগণের ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল।
বর্তমান সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরানোর কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণ পাঁচ বছরের জন্য সরকারকে নির্বাচিত করেছে উল্লেখ করে তিনি সরকারবিরোধীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী দিনেও দলীয় সংগঠনকে শক্তিশালী করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।