জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১ ব্যাচ) শিক্ষার্থী মাদুদ এবং লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) শিক্ষার্থী ইমন। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে সংঘর্ষের সূত্রপাত ও এর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘কোন দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, নাম জানি না। তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি কামডাউন, এখন একটু শান্ত। উল্লেখযোগ্যভাবে আহত হয়নি। মানে উল্লেখ করার মতো কেউ আহত হয়নি, টুকটাক হয়তো লেগেছে।’
সংঘর্ষের পর বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।