মোশাররফ হোসেন জসিম পাঠান:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে স্বপন মিয়া (নিহত) হত্যার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নারীসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুখুরিয়া গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে মো. স্বপন মিয়ার সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মুখুরিয়া বাজারে স্বপন মিয়া প্রয়োজনীয় কাজে গেলে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় স্বপন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বপন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত স্বপন মিয়ার ভাই মো. সাইফুল ইসলাম ভজন বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষের মো. সিদ্দিকুর রহমানসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলায় একাধিক নারীকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে গ্রাম ও আশপাশের এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার কয়েকজন সাংবাদিক সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, স্বপন মিয়া হত্যার ঘটনা সত্য হলেও বাজারে সংঘটিত হামলার ঘটনায় নারীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে তাঁদের অভিযোগ। এ বিষয়ে তাঁরা প্রশ্ন তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মামলার নম্বর ৩১১, সি.আর. নম্বর ১৮৭৫ বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আসামিপক্ষ, গ্রামের সচেতন মহল ও সাধারণ জনগণ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।