স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা পানামা ভারতে এসেছিল প্রীতি ম্যাচ খেলতে। র্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ পিছিয়ে থাকা ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয় প্রত্যাশিত হলেও শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রত্যাশিত জয় না পাওয়ার পর বেঙ্গালুরুর তীব্র যানজট ও ভ্রমণ ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়েছেন পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।
ম্যাচের আগে ভয়াবহ যানজট পেরিয়ে স্টেডিয়ামে পৌঁছাতে পানামা দলকে প্রায় দুই ঘণ্টা বাসে থাকতে হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ মাঠের বাইরের আয়োজন ও যাতায়াত ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টির কথা জানান।
থমাস ক্রিস্টিয়ানসেন বলেন, এটিকে কোনো অজুহাত হিসেবে দেখাতে চান না। তবে যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে পৌঁছানো সহজ ছিল না। ভারত সফরে আসার আয়োজন ও যাতায়াত ব্যবস্থাপনাও বেশ জটিল ছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সময় তাদের আরও বিচক্ষণ হতে হবে। মাঠের ভেতরে ও বাইরে বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন বলেও জানান তিনি। তার ভাষ্য, খেলোয়াড়রা এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত ও ব্রাজিলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সফর ঘিরে আয়োজকরা এখন থেকেই যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে।