মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে সই করেছেন ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার (ডিসি) শাহরিয়ার আলী।

আদেশে ওসি জাহাঙ্গীর আলমকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা বলা হয়েছে। তবে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে প্রত্যাহারের বিষয়টি সরাসরি যুক্ত করার কোনো উল্লেখ আদেশে নেই।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে শাহ আলী থানা।

প্রতিষ্ঠানটির অভিযোগ, ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করেন। এ সময় মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, টাকা ও অন্যান্য মালপত্র লুট করা হয়। পরে এক্সক্যাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ লেখা দুটি সাইনবোর্ড ও দুটি ব্যানার টাঙানো হয়।

স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনা রক্ষা করা সম্ভব হয়নি বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছে প্রতিষ্ঠানটি। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে চার তরুণকে গ্রেপ্তার করে শাহ আলী থানা-পুলিশ। পরে শনিবার সন্ধ্যার পর আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ শনিবার স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।

পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং কারও অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কোনো সদস্যের দায়িত্বে অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।

ডিএমপি কমিশনারের ওই ঘোষণার পরদিনই শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *