জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সরকারের এ উদ্যোগে মৌসুমি শ্রমিক সংকটের আশঙ্কা অনেকটাই কমেছে। এতে স্বস্তি ফিরেছে দেশটির খামার মালিক ও কৃষকদের মধ্যে।

অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির বিভিন্ন অঞ্চলে ফসল কাটার কাজ শুরু হওয়ার কথা। এ সময়ে কৃষিকাজে বিপুলসংখ্যক বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়।

তবে সম্প্রতি অভিবাসীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর ভিসা প্রক্রিয়ায় ধীরগতি দেখা দেয়। আগে যেখানে কয়েক দিনের মধ্যেই ভিসা পাওয়া যেত, সেখানে অনেক ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত সময় লাগছিল। এতে ফসল কাটার মৌসুমে প্রয়োজনীয় শ্রমিক পাওয়া নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

কৃষকদের এ সংকট বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থা চালু করেছে সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান জরুরি প্রয়োজন দেখিয়ে শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। তাদের মতে, নতুন ব্যবস্থার ফলে ফসল কাটার উপযুক্ত সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিক পাওয়া সহজ হবে।

দেশটির স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যে কোনো খামার মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন—এমন বিদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সরকারের এই বিশেষ ব্যবস্থার ফলে অভিবাসন নীতিতে কড়াকড়ি অব্যাহত থাকলেও কৃষি খাতে প্রয়োজনীয় শ্রমিক সংকটের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *