হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হান্নান মাসউদ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে সেখানে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ ভবনের প্রবেশমুখে হান্নান মাসউদ পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এনসিপির উপজেলা আহ্বায়ক শামসুদ্দিন তিবরিজ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার অভিযোগ, বিনা উসকানিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি ঘটনাটিকে পরিকল্পিত বলেও দাবি করেন।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী বলেন, সংসদ সদস্য হান্নান মাসউদ বিভিন্ন সময় বিএনপিকে নিয়ে বক্তব্য দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তার দাবি, সেই ক্ষোভ থেকেই নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন; এ ঘটনায় দলের কোনো পূর্ব নির্দেশনা বা হামলার পরিকল্পনা ছিল না।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে যাওয়ার পথে বিএনপির লোকজন হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় ছোড়া একটি ঘুষি তার ঘাড়ে লাগে বলেও তিনি অভিযোগ করেন।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, সংসদ সদস্য সভাস্থলে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, উপজেলা পরিষদ গেটে দুই পক্ষের উপস্থিতির কারণে উচ্চবাচ্য ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সংসদ সদস্যকে নিরাপদে সভাকক্ষে পৌঁছে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।