জাতীয় নির্বাচনের পর ইনসাফের দেশ গড়ার পথে এগোবে বাংলাদেশ — ডা. শফিকুর রহমান

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমাদের অগ্রযাত্রাকে আর দমিয়ে রাখা যাবে না। অপপ্রচারকারীরাই শেষ পর্যন্ত পেছনে পড়ে থাকবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লব ও কৃতজ্ঞতা বোধ

আমীরে জামায়াত বলেন, যাদের আত্মত্যাগে আজ দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাদেরই আজ অপমান করা হচ্ছে। জুলাইয়ের বীর যোদ্ধাদের অবদানের কারণে অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছে, বিদেশে চিকিৎসা নিতে পেরেছে এবং দেশে ফেরার সুযোগ পেয়েছে। অথচ সেই উপকারকে আজ উপহাস করা হচ্ছে, যা ইনশাআল্লাহ্ বুমেরাং হয়ে ফিরে আসবে।

নারী অধিকার ও সামাজিক মর্যাদা

তিনি আরও বলেন, “১৩ তারিখ ইনশাআল্লাহ্ দেশবাসী নতুন বাংলাদেশ পাবে। সেদিন আমরা আমাদের মায়েদের সর্বোচ্চ মর্যাদা দেব। ঘরে-বাইরে, কর্মস্থলে—সবখানে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

শিক্ষা ও যুব সমাজ নিয়ে পরিকল্পনা

শিক্ষা ব্যবস্থা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের সব শিক্ষা ব্যয় সরকার বহন করবে। সন্তান লালন-পালনে মায়েদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, “যারা মায়ের জাতিকে সম্মান করবে, আল্লাহ তাদের সম্মানিত করবেন।”

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, জামায়াত যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমানিত করবে না। বরং প্রত্যেক যুবকের হাতকে কর্মসংস্থানের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলবে, যাতে তারা দেশ গড়ার কারিগর হতে পারে। “আমরা এমন এক যুব সমাজ চাই, যারা গর্ব করে বলবে—আমিই বাংলাদেশ।”

রাজনৈতিক পরিস্থিতি ও সমালোচনা

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে। জনগণের ভালোবাসার জোয়ার কখনো দমন করা যায় না। তিনি সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত নারী নিপীড়নের ঘটনার সমালোচনা করে বলেন, মা-বোনদের অপমানের প্রতিবাদ করায় একটি মহল গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ এখন সচেতন, তারা সব চালাকি বোঝে।

সভায় অন্যান্যদের বক্তব্য

জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন:

  • মুহাম্মদ শাহজাহান: কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াতে ইসলামী।

  • রাশেদ প্রধান: সহ-সভাপতি, জাগপা।

  • ডা. মাহমুদা মিতু: কেন্দ্রীয় নেতা, এনসিপি।

  • মুহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা: কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্রশিবির।

  • এসএম ফরহাদ: জিএস, ডাকসু।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহেদুল ইসলাম ও জেলা মিডিয়া সমন্বয়ক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *