জালালুর রহমান:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর সাগরনাল নালাপাড় জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের ওপর স্থানীয় একটি পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জন মুসল্লিসহ এক নারী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত মসজিদের ইমাম তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সেখানে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তাকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তার ও মসজিদ পরিচালনা কমিটির মেয়াদোত্তীর্ণ অবস্থায় দায়িত্ব পালনের অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরোধ চলছিল।
এ প্রেক্ষিতে বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার (১২ জুন) স্থানীয়ভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় কাশেম মিয়া (৪০), আব্দুল জলিল (৬৮), সাত্তার মিয়া (৬৫), গৌছ উদ্দিন (৪০)সহ আরও ১০-১২ জন মিলে আসুক মিয়া (৬৫)-এর ওপর হামলা চালান। এ সময় তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিৎকার শুনে এগিয়ে আসেন তার পুত্রবধূ পারভিন বেগম (২৮)। তাকেও হামলাকারীরা আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
আহতদের উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জুড়ী থানার এসআই আকবর আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য হাসপাতালে এসে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও তথ্য রেকর্ড করেন। পরে শিরিনা আক্তার বাদী হয়ে জুড়ী থানায় অভিযোগ দায়ের করেন।