মোহাম্মদ হোসেন হ্যাপী:
আজ রবিবার সকাল ১০.২৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও রমজান উপলক্ষে নিত্যপন্যের বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, কোম্পানি কমান্ডার রেব আঃ রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, এডি, ৬২ বিজিবি জিয়াউর রহমান, জেলা জেল সুপার ফোরকান ওয়াহিদ, জেলা জজ কোর্টের পিপি আবুল কালাম আজাদ জাকিরসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা মামুনুল হক, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়েতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমেদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য নিরব রায়হান। এছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ এবং পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় মূলত নিম্নলিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়:
-
চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিতকরণ
-
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ
-
জেলা সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ
-
মাদকদ্রব্য প্রতিরোধ
-
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ
-
বাল্যবিবাহ প্রতিরোধ
-
নৌপথ ও যানজট নিরসন
-
আইন-শৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয়
সভায় বক্তারা মতামত তুলে ধরেন এবং করণীয় পরামর্শ প্রদান করেন। অপরাধী বা মাদক ব্যবসায়ী যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস, হকার উচ্ছেদ ও ফ্যাসিস্টদের দালালদের গ্রেফতারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
এ বিষয়ে মন্তব্য করেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, তিনি বলেন, “দুইজন প্রার্থীর পক্ষে ফ্যাসিস্টরা কাজ করছে এবং আরও ফ্যাসিস্ট সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।”
জামায়েতের আমীর মাওলানা মামুনুল হক বলেন, “আড়াইহাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। এখনই ব্যবস্থা না নিলে লাশের পর লাশ পড়তে পারে।” এ মন্তব্যের ওপর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আপত্তি তুলেন।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “নির্বাচনে আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনা করা হচ্ছে। কিছু এলাকায় জরিমানা করা হয়েছে এবং সেখানেও সহযোগিতা পেয়েছি। আজ থেকে ৪২ জন ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। কোন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হলে তা বন্ধ করা হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “আসন্ন পবিত্র রমজান মাসে জেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটি কঠোরভাবে নজর রাখবে। কেউ যদি কারসাজি বা ভেজাল বিক্রির চেষ্টা করে, তার বিরুদ্ধে জরিমানা বা জেল ব্যবস্থা নেওয়া হবে।”