মো. মশিউর রহমান:
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃগোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিম পাশে মসজিদের কাছে থাকা একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটি উদ্ধারের জন্য প্রথমে কূপে নামে তার ছেলে নেইমার ম্রং। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে বাবা বাবুল হাদিমা কূপে নামেন।
এরপর একইভাবে গাব্রিয়াল ও রতন নকরেক কূপে নামেন। একে একে চারজন কূপে নামার পরও কারও কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেন-সংকটপূর্ণ ওই পরিত্যক্ত কূপে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার ফাইটার মনির কূপে নেমে একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহগুলো গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।