টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মামুন শাহাপুর গ্রামের নিজাম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে তিনি টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্যসংবলিত ভিডিও তৈরি ও প্রকাশ করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ অভিযোগ করে বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই যুবকের গালিগালাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশ জানতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তের পর মামুনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *