স্পোর্টস ডেস্ক:
ম্যাচ রেফারি হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পেসার কাইনাত ইমতিয়াজ। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ১৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই পেসার।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার মাধ্যমে ম্যাচ অফিসিয়াল হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন কাইনাত।
২০১০ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেকের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ফতুল্লায় ওয়ানডেতে প্রথমবার মাঠে নামেন তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডেতে ১০টি এবং টি-টোয়েন্টিতে ৮টি উইকেট নিয়েছেন কাইনাত। ২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্যাবায় অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচটিই ছিল পাকিস্তানের হয়ে তাঁর সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। আর টি-টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন ২০২২ সালের এশিয়া কাপে।
কাইনাত পাকিস্তানের হয়ে ২০১০ সালে চীন এবং ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৭ সালের নারী বিশ্বকাপ ও ২০২২ সালের কমনওয়েলথ গেমসেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
খেলার বাইরে থাকার সময় স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেটভিত্তিক অনুষ্ঠানে উপস্থাপনা ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত ছিলেন কাইনাত। এবার ম্যাচ অফিসিয়াল হিসেবে নতুন দায়িত্বে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ম্যাচ অফিসিয়াল হিসেবে কাইনাতের এই যাত্রায় পারিবারিক অনুপ্রেরণাও রয়েছে। তাঁর মা সালিমা ইমতিয়াজ আইসিসি আন্তর্জাতিক ডেভেলপমেন্ট প্যানেলের প্রথম পাকিস্তানি নারী আম্পায়ার। তিনি নারী আন্তর্জাতিক ক্রিকেটে ৯টি ওয়ানডে ও ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।
মায়ের পথ অনুসরণ করেই এবার ক্রিকেট মাঠে নতুন ভূমিকায় যাত্রা শুরু করতে যাচ্ছেন কাইনাত ইমতিয়াজ।