আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি তার বিরুদ্ধে গুপ্তহত্যার চেষ্টা করা হয়, তাহলে ইরানের ওপর ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে এবং দেশটির সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এর পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। ইরান সরকার যদি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তাদের দেওয়া হুমকি বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে গুপ্তহত্যা করে বা সেই চেষ্টা চালায়, তাহলে এই পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি আরও দাবি করেন, এ বিষয়ে ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে সেই সময়সীমা আরও বাড়ানো হবে। তার ভাষায়, ‘ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম।’
অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের জবাবে বলেন, তেহরান কখনোই ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ করবে না।
গালিবাফ বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষার প্রস্তুতি কখনোই বন্ধ করিনি। যুক্তরাষ্ট্র যেকোনো সময় সমঝোতা ভঙ্গ করলে আত্মরক্ষার জন্য ইরান সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধের অবসান বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ হলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের ইতি টানা সম্ভব নয়।’
ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা