জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনে তল্লাশি চালিয়ে ৪১টি ভারতীয় কম্বল উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি)। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ট্রেনটির পাওয়ার কারসহ বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে এসব কম্বল উদ্ধার করা হয়।
উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি দুপুর ১টা ৫৫ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ৩ নম্বর লাইনে ট্রেনটিতে তল্লাশি চালান আরএনবি ও জিআরপি সদস্যরা।
তল্লাশির একপর্যায়ে ট্রেনের পাওয়ার কারসহ বিভিন্ন বগি থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি বস্তায় রাখা ৪১টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা কম্বলগুলো ময়মনসিংহ রেলওয়ে থানার ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চৌকি ইনচার্জ ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।