রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকার পথে রাশিয়ার কার্গো বিমান

নিজস্ব প্রতিবেদক:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে একটি কার্গো বিমান। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাশিয়া থেকে রওনা হওয়া বিমানটি ভারতে যাত্রাবিরতি করে ঢাকায় আসবে বলে জানা গেছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা থাকলেও তা বাতিল হয়। ওই সময় রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমেও অগ্রগতি হয়েছে। গত বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম জানায়, ত্রুটি সারানোর পর মঙ্গলবার রাতে পরীক্ষা শুরু হয় এবং বুধবার সকালে তা সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—উভয় জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়।

পরীক্ষায় নিয়ন্ত্রণ ভাল্ভগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্ভের কার্যক্রম ও প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়। এ সময় ভাল্ভের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্মসহ বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানায় রোসাটম।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রোসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *