ডাম্প ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে গাজীপুরে নিহত ২

জেলা প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন নেত্রকোনার কেন্দুয়া এলাকার বাসিন্দা শামীম মিয়া (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে পড়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

ওসি জানান, হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *