মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার ৬ (ছয়) দিন পর আরেফিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল প্রায় ১১টার দিকে শহরের সাঙ্গু নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত আরেফিন বান্দরবান সদর উপজেলার বালাঘাটা বাজার এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে। এনামুল হক সাতকানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক। তিন ভাইবোনের মধ্যে আরেফিন ছিল দ্বিতীয়।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে বন্ধুদের সঙ্গে নদীর চরে ফুটবল খেলার পর শৈলশোভা আবাসিক এলাকা সংলগ্ন সাঙ্গু নদীতে গোসল করতে নামে আরেফিন। একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পর থেকে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা, চট্টগ্রাম থেকে আসা প্রশিক্ষিত ডুবুরি দল এবং স্থানীয় অভিজ্ঞ ব্যক্তিরা টানা উদ্ধার অভিযান পরিচালনা করলেও দীর্ঘ পাঁচ দিনেও তার সন্ধান মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়ার ছয় দিন পর বুধবার সকালে সাঙ্গু নদীতে তার মরদেহ ভেসে ওঠে।