তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠিতে আনন্দ উচ্ছ্বাস

ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বইছে আনন্দ ও উচ্ছ্বাস। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিনটিকে বিএনপি ঐতিহাসিক হিসেবে চিহ্নিত করতে চাইছে।

ঐতিহাসিক এ দিনের সাক্ষী হয়ে রাজধানী ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ঝালকাঠি ও নলছিটি উপজেলার ২০টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার ১৮টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। জেলার কাঠালিয়া ও রাজাপুর উপজেলা থেকে পৃথক লঞ্চযোগে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাবেন। ইতিমধ্যে সড়ক পথে বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ঢাকায় গিয়েছেন।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “ঝালকাঠি জেলা বিএনপির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন। এটি দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রমাণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানানোর এই কর্মসূচি কেবল দলের নয়, এটি দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “তারেক রহমান দেশের মানুষের ভরসার প্রতীক। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা হিসেবে সকলের আস্থা ও বিশ্বাসের প্রতীক। আমাদের ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে তাকে স্বাগত জানাতে সমাবেশ স্থলে উপস্থিত থাকবেন। তার স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি আনবে এবং জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।”

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন জানান, ঝালকাঠি লঞ্চঘাট থেকে রাত ৮.৩০, নলছিটি থেকে রাত ৯.০০, এবং দপদপিয়া স্টেশন থেকে রাত ৯.৩০ মিনিটে নেতাকর্মীরা লঞ্চে চেপে ঢাকায় পৌঁছাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *