তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালার নারায়ণপুরে মারপিট, থানায় অভিযোগ

আব্দুর রশিদ:

সাতক্ষীরার তালা উপজেলার নারায়ণপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোঃ ইনছার সরদারের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের পূর্ব থেকেই জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে নিজ বসতবাড়ির সামনে নারকেল গাছের নারকেল পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি নীলাফোলা জখমপ্রাপ্ত হন।

এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী টুম্পা খাতুনকেও হামলার শিকার হতে হয়। অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

অভিযোগে যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন— মোঃ মহিদুল ইসলাম (৩০), পিতা মৃত হযরত আলী; ইদ্রিস সরদার (৩৬); রবিউল সরদার (৫৫); কুদ্দুস সরদার (৩৫); ইমান সরদার; শরিফুল সরদার (২৫), পিতা ইদ্রিস সরদার; রাফি সরদার (২৭), পিতা রবিউল সরদার। তারা সকলেই ঘোনা গ্রামের বাসিন্দা।

পরে ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *