জ্যেষ্ঠ প্রতিবেদক ::
আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে আওয়ামী লীগকে ‘মাইনাস’ বা দূরে সরিয়ে রাখার অভিযোগ করেছে দলটি।
তিন দিনের সফরে ঢাকায় আসা আইপিইউ প্রতিনিধি দল সোমবার জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে এ তথ্য সামনে আসে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন যৌথ ব্রিফিংয়ে জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে আইপিইউর কাছে নির্বাচন থেকে বাদ পড়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ত্রয়োদশ সংসদে তাদের প্রতিনিধিত্ব না থাকার বিষয়টিও তুলে ধরা হয়েছে।
ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে দেশের সংবিধান সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং সংসদে বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আইপিইউ প্রতিনিধি দলকে অবহিত করা হয়।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে সংসদীয় কূটনীতি, গণতান্ত্রিক চর্চা ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফরকালে প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় প্রতিনিধি এবং তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন চিফ হুইপ নুরুল ইসলাম।
সংসদের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আইপিইউ প্রতিনিধিরা এর প্রশংসা করেছেন। পাশাপাশি দেশের সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং বিরোধী দলের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
ব্রিফিংয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, সংবিধান সংশোধন, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি দায়িত্ব পালনের সুযোগ না রাখা এবং আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠনের নতুন প্রস্তাব সম্পর্কে আইপিইউ প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আইপিইউর কাছে অভিযোগ দেওয়ার বিষয়টি নিয়েও ব্রিফিংয়ে আলোচনা হয়। বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন আইপিইউ প্রতিনিধি দলের বরাত দিয়ে দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আইপিইউর কাছে দেশে সংসদীয় গণতন্ত্র বহাল থাকার তথ্য উপস্থাপন করত। বর্তমানে দলটি ক্ষমতার বাইরে থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে তাদের ‘মাইনাস’ করা হয়েছে বলে অভিযোগ করছে।
আইপিইউ প্রতিনিধি দলটি সফরকালে সংসদীয় কূটনীতির কৌশলগত দিক এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবে।
তিন দিনের সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।