স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিতে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সাব-রেজিস্ট্রার সিরাজুল হক ও অফিস সহকারীর বিরুদ্ধে দলিলপ্রতি ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।
দাতা-গ্রহীতাদের অভিযোগ, খাজনা-খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকার পরও দলিলপ্রতি মোটা অঙ্কের টাকা না দিলে সাব-রেজিস্ট্রার সিরাজুল হক দলিলে স্বাক্ষর করেন না। অভিযোগ রয়েছে, নির্ধারিত অর্থ দেওয়া দলিলগুলোতে বিশেষ চিহ্ন দিয়ে এজলাসে দাখিল করা হয়। অন্যদিকে, অতিরিক্ত অর্থ না দিলে কাগজপত্রে বিভিন্ন ত্রুটি দেখিয়ে তা ফেরত দেওয়া হয়।
সেবাগ্রহীতাদের অভিযোগ অনুযায়ী, সরকারি নির্ধারিত ফি পরিশোধের পরও সাধারণ দলিল নিবন্ধনে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হয়। আমমোক্তারনামা ও দানপত্রের মতো বিশেষ দলিলের ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে আরও বেশি অর্থ দাবি করা হয়।
অভিযোগ রয়েছে, হেবা ঘোষণার দলিলে সরকারি ফি তুলনামূলক কম হলেও দলিল লেখক ও সাব-রেজিস্ট্রারের মাধ্যমে জমির মূল্যের প্রতি লাখে এক হাজার টাকা করে নেওয়া হয়। কমিশন দলিলের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ রয়েছে। সরকারি ফি কম হলেও প্রতি দলিলে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ক্ষেত্রবিশেষে এ পরিমাণ আরও বেশি হয় বলেও তাঁদের দাবি।
আরও অভিযোগ রয়েছে, বায়না দলিলের সময় এক ধরনের মূল্য দেখানো হলেও চূড়ান্ত দলিলে সরকারের কর ফাঁকি দিতে জমির প্রকৃত মূল্যের তুলনায় কয়েক গুণ কম মূল্য দেখানো হয়। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগীদের ভাষ্য, সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ না দিলে সাব-রেজিস্ট্রি অফিসে কোনো কাজই হয় না। দলিলের নকল তুলতে সরকারি ফি ২৭০ টাকা হলেও সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রায় দুই হাজার টাকা নেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, সরকারি ফির বাইরে নেওয়া অতিরিক্ত অর্থের একটি অংশ সাব-রেজিস্ট্রারের কাছে যায়।
সাব-কবলা দলিলের মূল্য এক হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হলে সরকারি ফির বাইরে সেরেস্তা বাবদ আড়াই হাজার টাকা অতিরিক্ত দিতে হয় বলেও অভিযোগ রয়েছে। দলিলের মূল্য এক লাখ টাকা বা তার বেশি হলে প্রতি লাখে আরও ৩০০ টাকা করে দিতে হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ছাড়া বিনিময় দলিলের ক্ষেত্রে ব্যাংক চালানের মাধ্যমে সরকারি ফি পরিশোধের পরও অতিরিক্ত চার থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। বণ্টননামা ও অসিয়ত দলিলের মূল্য অনুযায়ী অতিরিক্ত এক শতাংশ হারে অর্থ নেওয়ারও অভিযোগ রয়েছে।
নকল সরবরাহের ক্ষেত্রেও ভোগান্তির অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তাঁদের দাবি, অনেক সময় নকল দলিলে দুই থেকে তিন মাস পর্যন্ত স্বাক্ষর করা হয় না। এতে প্রয়োজনের সময় দলিলের নকল পেতে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর কার্যালয়ে গিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, সাব-রেজিস্ট্রার সিরাজুল হক নোয়াখালী সদরের মাইজদীর সাইদুল হকের ছেলে বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে তিন কোটি টাকা অর্জনের অভিযোগও উত্থাপন করা হয়েছে।