বিনোদন ডেস্ক:
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি চিত্রনায়ক বাপ্পারাজকে। দীর্ঘ বিরতির পর এবার নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে ফিরছেন এই অভিনেতা। মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
মাঝে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ এবং মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় যুক্ত হয়েছিলেন বাপ্পারাজ। তবে দুটি কাজই এখনো মুক্তি পায়নি। এবার ‘গুলশানের চামেলি’র মাধ্যমে নতুন করে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আগস্টের শুরুতে জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। সিনেমাটির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খান।
তারকাবহুল সিনেমাটিতে আরও অভিনয় করছেন রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাপ্পারাজ।
সিনেমায় বাপ্পারাজের চরিত্রটি কেমন হবে, তা এখনই প্রকাশ করতে চাননি নির্মাতা। মোহাম্মদ ইকবাল জানান, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের নানা বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার।
নির্মাতা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী বছরের যেকোনো একটি ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।