দুবাইয়ের বর্ষবরণে মঞ্চ মাতাবেন কেটি পেরি

বিনোদন ডেস্ক:

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি এবার দুবাইয়ের বিলাসবহুল ‘আটলান্টিস, দ্য পাম’ হোটেলের বার্ষিক নববর্ষ গালা ডিনারে সংগীত পরিবেশন করবেন। আগামী ৩১ ডিসেম্বর রাতে জমকালো এ আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের সঙ্গে ২০২৭ সালকে স্বাগত জানাবেন জনপ্রিয় এ শিল্পী।

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এ গালা ডিনারে কেটি পেরি খোলা আকাশের নিচে তারার আলোয় তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে তার ‘ফায়ারওয়ার্ক’, ‘রোর’, ‘ডার্ক হর্স’ এবং ‘লাস্ট ফ্রাইডে নাইট’-এর মতো জনপ্রিয় গান শোনার সুযোগ পাবেন অতিথিরা।

অনুষ্ঠানের শেষপর্বে ‘আটলান্টিস, দ্য পাম’ থেকে ‘আটলান্টিস দ্য রয়্যাল’ পর্যন্ত আকাশজুড়ে থাকবে চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী। এর মধ্য দিয়েই ২০২৭ সালকে স্বাগত জানানো হবে।

আটলান্টিস দুবাইয়ের ব্যবস্থাপনা পরিচালক কিম বার্টার কেটি পেরিকে এবারের আয়োজনের প্রধান শিল্পী হিসেবে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বমঞ্চের জনপ্রিয় এ পপ সংগীতশিল্পীকে নিয়ে আয়োজনটি তাদের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

জানা গেছে, ব্ল্যাক-টাই গালাটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। অতিথিদের ওয়েলকাম ড্রিংকস পরিবেশনের পর বাইরের মূল মঞ্চে নিয়ে যাওয়া হবে। পুরো সন্ধ্যাজুড়ে কেটি পেরির পাশাপাশি ৩০ সদস্যের একটি লাইভ ব্যান্ডও সংগীত পরিবেশন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *