মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বকশিটিলা সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে এক শিশুসহ ৬ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা জানান, ভারতের একটি কারাগারে প্রায় ২৫ দিন আটক থাকার পর বৃহস্পতিবার ভোরে চোখ বেঁধে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
স্থানীয় যুবক জহির আহমেদ বলেন, “আমি নিজেই তাদের আটক করি। পরে স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানাই। তবে থানা থেকে বলা হয়, এ বিষয়ে তারা কিছু করতে পারবে না। তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ইউপি সদস্য এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন।”
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, “বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পরে জানতে পারি, পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায়।”
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, “ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা সীমান্ত দিয়ে দুই থেকে আড়াই বছর বয়সী এক শিশুসহ ৬ নারী বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে খবর পাই। পরে খোঁজ নেওয়া হলে জানা যায়, স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।”
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।