দেশের প্রথম মিস বাংলাদেশ সাথী বিলকিস ইয়াসমীন এখন কোথায়

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয় ১৯৯৫ সালে। ওই বছর লন্ডনের একটি প্রতিষ্ঠান ঢাকায় ‘মিস বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিজয়ী হন সাথী বিলকিস ইয়াসমীন। পরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

আগামীকাল (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা থেকে দেশে ফেরার পর অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েছিলেন সাথী। তবে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না। শুরুতে নিজেও সিনেমায় কাজ করতে আগ্রহী ছিলেন না। তার নানা এম এ মতিন ছিলেন পরিচালক এহতেশামের বন্ধু। এহতেশামই চেয়েছিলেন, সাথী চলচ্চিত্রে অভিনয় করুন।

এহতেশামের উৎসাহেই শেষ পর্যন্ত চলচ্চিত্রে কাজ শুরু করেন সাথী। পরিচালকের ‘পরদেশী বাবু’ ছিল তার প্রথম সিনেমা। এতে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস। এরপর মান্নার সঙ্গে ‘আব্বাজান’ ও ‘বীর সৈনিক’ এবং রুবেলের সঙ্গে ‘অন্যায়ের প্রতিশোধ’ সিনেমায় অভিনয় করেন তিনি।

ঢালিউডের বর্তমান কিং শাকিব খানের সঙ্গেও ‘বড় মালিক’ সিনেমায় দেখা গেছে সাথীকে। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আহা!’।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ও চলচ্চিত্রে কাজের পর সাথীর জীবনে আসে নতুন অধ্যায়। তার বাবা মোরশেদ রেজা চেয়েছিলেন, মেয়ে পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হোক। পরিবারের বড় সন্তান হওয়ায় তার ওপর প্রত্যাশাও ছিল বেশি। এ জন্য বাবা তার জন্য অফিসের ব্যবস্থাও করেছিলেন।

সাথী জানিয়েছেন, বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *