জিটিএ গেমের অনুপ্রেরণায় মেহজাবীনের নতুন লুক নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

বিনোদন ডেস্ক:

কয়েক দিন আগেই লাল শাড়িতে রাঙা বধূর সাজে ভক্তদের মুগ্ধ করেছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার একেবারেই ভিন্ন সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। তার নতুন এই লুক দেখে অনুসারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

রোববার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন মেহজাবীন। ছবিতে কালো রঙের স্লিভলেস বডিকন পোশাকের সঙ্গে কালো লেদার জ্যাকেট পরতে দেখা যায় তাকে। খোলা চুল, কালো ক্যাট-আই সানগ্লাস ও হালকা মেকআপে তার সাজে ফুটে উঠেছে আধুনিক পশ্চিমা ফ্যাশনের ছাপ।

নিজেই জানিয়েছেন, জনপ্রিয় ভিডিও গেম ‘জিটিএ’ থেকে অনুপ্রাণিত হয়ে এমন সাজ নিয়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ এবং কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ডের শিল্পীরা।

মেহজাবীনের ব্যতিক্রমী এই সাজ দেখে অনেক অনুসারী বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার পোশাক নিয়ে মন্তব্য করেছেন, কেউ আবার বিদেশি তারকাদের অনুকরণের চেষ্টা করছেন বলে সমালোচনা করেছেন। কয়েকজন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার সাজের তুলনাও টেনেছেন। তবে এসব মন্তব্যে অভিনেত্রী কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে অভিনয়জীবনে বর্তমানে সিনেমায় বেশি মনোযোগী মেহজাবীন। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ। রোমান্টিক গল্পের এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন আফরান নিশো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *