দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে স্বামীর কোদালের আঘাতে নুরহাবা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। নিহত নুরহাবা কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্প-১ এলাকার মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। অভিযুক্ত সলিম একই এলাকার আব্দুল আমিনের ছেলে। তারা দোহাজারী সদর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সলিম কাজ না করায় সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে নুরহাবা তাকে ‘কাজ না করে কেন ফেরত এসেছে’—এমন প্রশ্ন করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সলিম কোদাল দিয়ে নুরহাবাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এ ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *