দৌলতপুরে বিদেশি পিস্তল ও ককটেলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও ককটেলসহ আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাতে এলাকাবাসী মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন। পরদিন শুক্রবার রাতে একটি বাঁশবাগানে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে গেলে রকি ও তার সহযোগীরা আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোড়েন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ ওঠে।

এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রকি হোসেনকে একটি বিদেশি পিস্তল ও ককটেলসহ আটক করা হয়। পরে স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন এবং তার হাত ভেঙে যায়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, স্থানীয়রা বিদেশি পিস্তল ও একটি ককটেলসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *