নান্দাইলে মাদক, জুয়া ও চুরি রোধে এমপি ইয়াসের খান চৌধুরী-এর কঠোর নির্দেশনা

মনজুরুন ইসলাম:

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও চুরি প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেছেন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত নান্দাইল গড়ার লক্ষ্যে তিনি এ কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নান্দাইল থানা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

সংসদ সদস্য ইয়াসের খানের নির্দেশনা অনুযায়ী, উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দ্রুত চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এসব এলাকায় অপরাধ দমনে গ্রাম পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ টিম গঠন করা হবে, যারা নিয়মিত রাত্রিকালীন টহল জোরদার করবে।

এছাড়া অপরাধী চক্রের যাতায়াত নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন প্রবেশপথ ও সীমানায় চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বহিরাগত অপরাধীদের প্রবেশ ও মাদক চোরাচালান রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এক বিবৃতিতে তিনি বলেন, “নান্দাইলের জনগণের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মাদক, জুয়া ও চুরির মতো সামাজিক ব্যাধি নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশকেও সক্রিয় করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারে।”

তিনি আরও জানান, অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং যেকোনো মূল্যে জননিরাপত্তা নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *