Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ত্বরান্বিত করা এবং জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানকার উন্নয়ন মানেই দেশের অর্থনীতির অগ্রগতি। তবে উন্নয়ন তখনই টেকসই হবে, যখন সব দপ্তর একসঙ্গে, একই ছাতার নিচে কাজ করবে।”

তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কোনো ধরনের অবহেলা চলবে না। স্কুল-কলেজে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। বিশেষ করে শিল্পাঞ্চলের রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে শীতলক্ষ্যা ও মেঘনা নদীর দূষণ রোধে কঠোর অবস্থান নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে এবং গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা ধীরগতি বরদাস্ত করা হবে না। জনগণের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা এবং ত্রাণ ও দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণেরও নির্দেশ দেন জেলা প্রশাসক।

সভায় জেলার চলমান সড়ক ও সেতু নির্মাণ, স্কুল ভবন নির্মাণ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ভূমি সেবার মানোন্নয়ন এবং কৃষি ও মৎস্য খাতের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের মাসিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সবাইকে জনগণের সেবায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *