নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

শিক্ষার্থীদের জন্য ডেঙ্গুমুক্ত, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজউদ্দিন-এর উদ্যোগে ও নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ইউএনও উপজেলার বিভিন্ন বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

পরিদর্শন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত বিদ্যালয়গুলো হলো— নাজমুন নেছা উচ্চ বালিকা বিদ্যালয়, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইগড় উচ্চ বিদ্যালয়, কুরেরপাড় উচ্চ বিদ্যালয়, পূর্বচর গড়কুল উচ্চ বিদ্যালয় এবং কাশিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।

অভিযান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলা এবং ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ইউএনও এস এম ফয়েজউদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। শুধু একদিনের কর্মসূচি নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই একটি স্বাস্থ্যকর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সদর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *