নারায়ণগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান এড.টিপু

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

 

নারায়নগঞ্জের হকাররা যেন আর রাস্তার ওপর বসতে না পারে, সে বিষয়ে সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান করলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
নারায়ণগঞ্জবাসীর স্বার্থে টানা তৃতীয় দিনের মতো কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ হকার রাস্তার মাঝখান থেকে দোকান সরিয়ে নিয়ে রাস্তার পাশের ফুটপাতে নির্ধারিতভাবে দোকান বসানোর অনুমতি পেয়েছে। তবে এখনও কিছু হকার অবৈধভাবে রাস্তার ওপর বসে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করছে, যা নারায়ণগঞ্জবাসীর জন্য একপ্রকার বিষফোঁড়ায় পরিণত হয়েছে।
এ অবস্থায় নারায়ণগঞ্জ চাষাড়া থেকে ২ নং রেলগেট পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে বসা হকারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো: আবু আল ইউসুফ খান টিপুর উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ধারাবাহিকভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এ সময় সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জে যেভাবে হকাররা রাস্তার ওপর দোকান বসিয়ে আসছে, তাতে সাধারণ মানুষ দিনের পর দিন, বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছে। একজন নারায়ণগঞ্জের মানুষ, একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে এই পরিস্থিতি থেকে নগরবাসীকে মুক্ত করা আমার নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমি নিয়মিতভাবে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছি।
তিনি আরও বলেন, আমি চাই নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সমর্থন আমার পাশে থাকুক। বিশেষ করে নারায়ণগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেন যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে ভবিষ্যতে কোনো হকার আর রাস্তার ওপর বসতে সাহস না পায়।

এসময় তিনি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক সংস্থার প্রতি অনুরোধ জানাচ্ছি এই বিষয়ে যেন সবাই সজাগ দৃষ্টি রাখেন এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অভিযানকে কার্যকর ও স্থায়ী করা হয়।
উচ্ছেদ অভিযান চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *