নারায়ণগঞ্জে ‘সুইট নেশন’কে এক লাখ টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ একাধিক অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জে ‘সুইট নেশন’ নামে একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বুধবার দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে কারখানায় পরিদর্শন চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অন্যান্য খাদ্যপণ্য সংরক্ষণ, নিষিদ্ধ কেমিক্যাল রঙের উপস্থিতিসহ মোট পাঁচটি অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ খাদ্যপণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *