মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া বিশেষ পেশার পরিচয় ব্যবহার করে প্রতারণার দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে চাঁদাবাজির অভিযোগে অপর এক কথিত বিশেষ পেশার পরিচয়দানকারী মিয়া মোহাম্মদ মুরাদ হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোহাম্মদ শামীম আহমদ জানান, সকালে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি একটি বেসরকারি টেলিভিশনের পরিচয় ব্যবহার করে তিনজনের কাছ থেকে মোট ৩৯ হাজার টাকা গ্রহণ করেন। তিনি আত্মীয় পরিচয় দেখিয়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে অবহিত করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
এছাড়া বাংলা সংবাদে সম্পাদক পরিচয়ে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামের আরেক ব্যক্তি পাসপোর্ট অফিসে এসে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। গোপন ক্যামেরায় তার কর্মকাণ্ড ধরা পড়লে মোবাইল কোর্টের টিম তাকে আটক করে এবং মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়।
উপ-পরিচালক আরও বলেন, মূলধারার সাংবাদিকদের প্রতি পাসপোর্ট অফিসের সর্বদা সম্মান রয়েছে এবং থাকবে। তবে সাংবাদিকতার নাম ব্যবহার করে কেউ অনৈতিক বা অপতৎপরতা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, পাসপোর্ট অফিস সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।