মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ-ঢাকা বিশ্বরোডের সস্তাপুর স্টেডিয়াম থেকে জালকুড়ি পর্যন্ত লিংক রোডের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ময়লার স্তূপ অবশেষে অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে ময়লার স্তুপ ও দুর্গন্ধে প্রতিদিন লাখো যাত্রী ও পথচারী চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ফায়েজ উদ্দীনের নেতৃত্বে এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় মঙ্গলবার (৩১ মার্চ) এই ময়লা অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা ও এর আশপাশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। রাস্তার পাশে জমে থাকা পচা আবর্জনার দুর্গন্ধে জনসাধারণের চলাচল কষ্টকর হয়ে উঠেছিল বলে স্থানীয়রা জানান।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা অনুরোধ জানান, ভবিষ্যতে যেন কেউ এই স্থানে ময়লা না ফেলে সে বিষয়ে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করা হয়।