মোহাম্মদ হোসেন হ্যাপী:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও মাদকের একটি ভয়াবহ সমস্যা বিদ্যমান। নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পট রয়েছে, যেখানে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হয়। এসব স্পটকে নিয়ন্ত্রণে আনতেই বিএনপি কাজ করতে চায়।
সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে সোনারগাঁয়ের কাঁচপুরে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে চাই। দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। একইসঙ্গে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাই।”
তিনি আরও বলেন, “১৭ বছর পর আমি দেশে এসে আপনাদের সঙ্গে কথা বলেছি। ২৫ তারিখের জনসভায় আমি বলেছিলাম— *We have a plan*। আপনারা কি সেটা শুনেছিলেন?”
এ সময় জনসভাস্থল থেকে নেতাকর্মীরা উচ্চস্বরে জানান, “মনে আছে।”
তারেক রহমান এরপর প্রশ্ন করেন, “তাহলে ১২ তারিখ আপনাদের পরিকল্পনা কী?”
নেতাকর্মীরা একযোগে উত্তর দেন, “ভোট দিতে হবে।”
এরপর তিনি বলেন, “ঠিক আছে—১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সঙ্গে আমাদের জোটের প্রার্থীও রয়েছেন, খেজুর গাছ প্রতীক নিয়ে। তারা বিগত ১৬-১৭ বছর ধরে আমাদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিলেন।”
জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনে আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাসেমী।
এছাড়াও জেলা, মহানগর, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।